২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জমির সংঘর্ষে নিহত ১, দুজন আটক  

কুড়িগগ্রাম সদরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হন অন্তত আট জন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 05:36 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

শনিবার সকালে মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কুড়িগ্রাম সদর থানার পরিদরর্শক (তদন্ত) মো. রুহানী।

নিহত আকতার হোসেন (৪০) ওই এলাকার বাসিন্দা আহম্মদ হোসেনের ছেলে।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদরর্শক রুহানী জানান, মালভাঙ্গা গ্রামের একই পরিবারের সদস্য আহম্মদ হোসেন (৮৫) এবং তার সৎ ভাই আব্দুল সোবহানের (৮০) মধ্যে ৩২ শতক আবাদী জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

এর জেরে শনিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে কুড়াল, দা, ছোড়াসহ দেশি অস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান তিনি।

“আহত ৯/১০ জনকে হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম জানান, দুপুরে হাসপাতালে বেশ কয়েকজন মারামারির রোগী আসে। এদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছে।

অবস্থার অবনতি ঘটায় চার জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের এই হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।

কুড়িগ্রাম সার্কেল এএসপি মাসুদ আলম জানান, এই ঘটনায় তাজুল (৪০) ও রফিকুল (৩৫) নামে দুই ভাইকে পুলিশ আটক করেছে। জড়িত অন্যদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রুহুল আমিন (২৫), আব্দুল সোবহান, তাজুল ইসলাম (৪০), রাজু মিয়া (২২)।

এ হাসপাতাল থেকে বিকালে আব্দুল বাতেন (৬৫), সামছুল হক (৫৫), ইব্রাহিম আলী (৫০) ও উল্যা মিয়াকে (২০) রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।