‘নকল করায় বহিষ্কার, ছাত্রীর আত্মহত্যা
নারায়ণগঞ্জে এক স্কুলছাত্রীর বাবা-মা অভিযোগ করেছেন, স্কুল শিক্ষকরা নকল করার অপবাদ দিয়ে বহিষ্কার করায় তাদের কন্যা আত্মহত্যা করেছে।
নগরীর ডিআইডি বাণিজ্যিক এলাকার গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির উম্মে হাবিবা শ্রাবণী (১৪) মৃত্যুর আগে লিখে যাওয়া চিরকুট থেকে এ তথ্য জানতে পেরেছে বলে জানিয়েছে তার পরিবার।
নিহতের মা সেতারা বেগম ও বাবা হাবিব উল্লাহ শুক্রবার অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবি জানান।
বৃহস্পতিবার বার্ষিক পরীক্ষায় শ্রাবণী পদার্থ বিদ্যা পরীক্ষায় অংশ নেয়। দুপুরে বাসায় ফিরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। এ সময় তাদের পরিবারের কেউ বাসায় ছিল না।
বৃহস্পতিবার রাতে শ্রাবণীর ডায়েরি থেকে পায় তার পরিবার।
মৃতুর আগে তার মাকে উদ্দেশ্য করে শ্রাবণী চিরকুটে তার মৃত্যুর কারণ বর্ণনা করে। সেখানে পরীক্ষা হলে নকল করার অভিযোগ এনে কোন কোন শিক্ষক খাতা কেড়ে নিয়েছেন, চড় মেরেছেন, বকা দিয়েছেন এসব উল্লেখ রয়েছে। এ ঘটনায় স্কুলে তাকে নিয়ে হাসাহাসির কথা বাদ পড়েনি তার লেখায়।
এছাড়া সে যে নির্দোষ সে কথাও চিরকুটে উল্লেখ করেছে শ্রাবণী।
এই ঘটনায় গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জানে আলম ও আনোয়ার হোসেন জানান, এই ঘটনার সঙ্গে স্কুলের কোন শিক্ষকের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম কাইয়ুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, ‘এই ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
