মন্দিরে হামলা: এসএমজিসহ যুবককে ধরিয়ে দিল জনতা
দিনাজপুরের কাহারোলে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে ধরে থানায় সোপর্দ করেছে জনতা; ওই যুবক ইসকন মন্দিরে হামলায় জড়িত বলে তাদের সন্দেহ।
দিনাজপুরের বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার জানান, শুক্রবার সকালে মোজাম্মেল নামের ওই যুবককে ধরতে গিয়ে রফিক (৩২) নামে স্থানীয় এক বাসিন্দা গুলিবিদ্ধ হন।
আহত রফিককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোজাম্মেলকে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে। তার কাছে একটি আগ্নেয়াস্ত্র ও ২৮টি গুলি পাওয়া গেছে বলে জানান এএসপি।
পরে শুক্রবার দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন তার কার্যালয়ে সাংবাদিকদের ওই আগ্নেয়াস্ত্রটি এসএমজি বলে নিশ্চিত করেন।
হাসপাতালে চিকিৎসাধীন রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোজাম্মেল সকালে বীরগঞ্জের সিংড়া ফরেস্টে (উদ্যান) সিরাজের বাড়িতে আশ্রয় চায়। তাকে দেখে সিরাজের সন্দেহ হলে সে স্থানীয়দের খবর দেয়।
“স্থানীয়দের সঙ্গে নিয়ে মোজাম্মেলকে আটকের চেষ্টা করলে সে আমাদের দিকে গুলি করে। তখন আমার পায়ে গুলি লাগে।”
বৃহস্পতিবার রাতে মন্দিরে হামলার ঘটনার পর মোজাম্মেল সিংড়া ফরেস্টে আশ্রয় নিয়েছিলেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাহারোলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে কীর্তন ও ধর্মসভা চলার সময় তিন যুবক সেখানে হামলা চালায়। তারা গুলি করে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে শীলপ্রসাদ নামের এক প্রত্যক্ষদর্শী জানান।
ওই ঘটনায় মিঠুন (২২) ও রণজিৎ চন্দ্র রহিত (৪০) নামের দুজন গুলিবিদ্ধ হন। হামলার পরপরই শরীফুল নামে একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে ইসকন মন্দিরে হামলার প্রতিবাদ ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে শুক্রবার দুপুরে ভক্তরা দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেন।
