অন্যের স্ত্রীকে ‘ফুসলিয়ে’ বিয়ে, পুলিশ কনস্টেবল কারাগারে
ঝালকাঠিতে অন্যের স্ত্রীকে ‘ফুসলিয়ে’ বিয়ে করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছে আদালত।
কনস্টেবল মো. জিয়াদুল হাওলাদার পিরোজপুর জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে। তিনি ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
ঝালকাঠি সদর থানার এসআই গৌতম কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ওই নারীর সৌদি আরব ফেরত স্বামী বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পুলিশ সদস্য মো. জিয়াদুল হাওলাদার ও নিজের স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।
মামলায় তিনি তার স্ত্রীকে ২৯ নভেম্বর ফুসলিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ আনেন। তাছাড়া ১৩ ভরি স্বর্ণালংকার এবং কয়েক লাখ টাকা নিয়ে পালানোর অভিযোগ আনা হয়েছে।
আদালত জিয়াদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং দুই সন্তানের জননী ওই নারীকে আগামী বছর ২৪ জানুয়ারি আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে।
পরোয়ানা জারির পর বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি পুলিশ লাইন থেকে জিয়াদুলকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে আদালতে পাঠানো হলে হাকিম জাহেদ আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে এসআই গৌতম জানান।
