২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের দুধ সংরক্ষণে প্রকল্প উদ্বোধন

মায়ের দুধ যান্ত্রিক প্রক্রিয়ায় সংরক্ষণের পরীক্ষামূলক একটি প্রকল্প গাজীপুরে এক পোশাক কারখানায় উদ্বোধন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 11:22 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

বৃহস্পতিবার বেলা ১১টায় বড়বাড়ী এলাকায় ইন্টারফ্যাব শার্ট ম্যানুফ্যাকচারিং-এর হলরুমে এ প্রকল্প উদ্বোধন করেন আইসিডিডিআরবির বিজ্ঞানীরা।

আইসিডিডিআরবির সহযোগী বিজ্ঞানী পুষ্টিবিদ সাবরিনা রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘কর্মজীবী মায়েরা সাধারণত তাদের শিশুদের সময়মতো বুকের দুধ দিতে পারেন না। ফলে শিশু অপুষ্টিতে ভোগে।

মায়েরা এখন থেকে নিজের বুকের দুধ সংরক্ষণ করে রেখে গেলে পরে তা যে কেউ শিশুকে পান করাতে পারবেন বলে জানান এই বিজ্ঞানী।

প্রিজারর্ভিং মাদার’স মিল্ক প্রকল্পটি বাংলাদেশে এই প্রথম জানিয়ে আইসিডিডিআরবির জ্যেষ্ঠ ব্যবস্থাপক এস কে আব্দুল হামিদ বলেন, একটি মেশিনের মাধ্যমে দুধ সংগ্রহ, জীবাণুমুক্ত ও গরম করে নির্দিষ্ট বোতলে সংরক্ষণ করে আট ঘণ্টা পর্যন্ত শিশুকে খাওয়ানো যায়।

বিদেশি এই মেশিনটির বর্তমান মূল্য ৩২ হাজার টাকা। ইন্টারফ্যাবের কারখানায় এমন একটি মেশিন আইসিডিডিআরবির পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে বলে জানান ব্যবস্থাপক আব্দুল হামিদ।

প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে আইসিডিডিআরবির বিজ্ঞানীরা ছাড়া ইন্টারফ্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।