সঠিক মাপের জাতীয় পতাকা বিতরণের উদ্যোগ
এবার বিজয় দিবসে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উড়বে সঠিক মাপ ও রংয়ের জাতীয় পতাকা।
এ লক্ষ্যে উপজেলা পরিষদে সঠিক মাপ ও সঠিক রঙের জাতীয় পতাকা তৈরির কাজ চলছে।
উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানকে নতুন কাপড়ে তৈরি জাতীয় পতাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে ফুলছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, একসঙ্গে ১২টি সেলাই মেশিনে চলছে লাল-সবুজ পতাকা তৈরির কাজ।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত আমাদের লাল-সবুজ পতাকা।
“এখনও অনেকেই এই জাতীয় পতাকার সঠিক মাপ সম্পর্কে সচেতন নন। সাধারণ মানুষের মধ্যে পতাকার সঠিক মাপ, সঠিক রং সম্পর্কে সচেতনতা ও জাতীয় পতাকার প্রতি ভালোবাসা তৈরি করতেই আমাদের এ উদ্যোগ।”
ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “লাল-সবুজের এই পতাকা এমনি এমনি আসেনি। এই পতাকার জন্য রক্ত ঝরেছে। বাংলার দামাল ছেলেরা জীবন দিয়েছে। মা-বোনদের সম্ভ্রম লুট হয়েছে।
জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু বলেন, স্বাধীনতার পর দীর্ঘদিন পার হয়ে গেছে। এখনও অনেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেন না। এখনও অনেকেই বুঝে কিংবা না বুঝে নানাভাবে জাতীয় পতাকাকে অসম্মান করে।
উপজেলা পরিষদ ও প্রশাসনের এই উদ্যোগের মধ্য দিয়ে সবার মধ্যে জাতীয় পতাকার প্রতি ভালোবাসা তৈরি হবে বলে বিশ্বাস করেন তিনি।
