২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ব্যবসায়ী উদ্ধার, ৩ ‘অপহরণকারী’ গ্রেপ্তার   

নরসিংদীতে এক ব্যবসায়ীকে উদ্ধারের পর অপহরণকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 03:43 PM

Updated : 26 Jul 2022, 12:09 PM

পুলিশ জানায়, বুধবার দুপুরে মাধবদী বাসস্ট্যান্ড এলাকা থেকে মোহাম্মদ আলীকে (২৪) অপহরণ করা হয়। রাতে সদর উপজেলার ভগিরতপুরে তাকে উদ্ধার করা হয়।

মোহাম্মদ আলী রাজধানীর ডেমরার বাসিন্দা। তিনি কাঁচামালের ব্যবসা করেন।

উদ্ধারের পর তাকে নরসিংদী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন ভগিরতপুরের ছিদ্দিকুর রহমান ইমন (২৫), আকরাম হোসেন (২৫) ও মাসুদ (২৮)।

নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক আবদুল বারেক জানান, ব্যবসার কাজে নরসিংদীতে আসেন মোহাম্মদ আলী। বুধবার দুপুর ২টার দিকে মালামাল কিনতে মাধবদী বাসস্ট্যান্ড থেকে রিকশায় স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন।

“পথে ইমন, আকরাম ও মাসুদ নিজেদের আইন-শৃংখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মোহাম্মদের রিকশার গতিরোধ করে তাকে অপহরণ করে।”

মোহাম্মদ আলীর বরাত দিয়ে এসআই বারেক বলেন, অপহরণের পর তাকে ভগিরতপুরের একটি গাড়ি সার্ভিসিং সেন্টারের পেছনে নিয়ে যায় এবং সেখানে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে তার পরিবারের কাছে ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে তারা ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায় বলেও জানান এসআই বারেক।

তিনি বলেন, মোহাম্মদ আলীর পরিবারের লোকজন ঘটনাটি পুলিশকে জানালে রাত ৯টার দিকে অভিযান চালানো হয়।

এ ব্যাপারে একটি মামলা  হয়েছে বলে নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান।