২০৫০ সালের আগেই দেশ ইউরোপ-আমেরিকার মতো হবে : জাফর ইকবাল
২০৫০ সালের আগেই দেশ ইউরোপ-আমেরিকার মতো হবে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
বুধবার সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর এ মেলা আয়োজন করে।
জাফর ইকবাল বলেন, “শিশুরা মন দিয়ে লেখাপড়া করলে দেশকে ঠেকানো যাবে না। আমি কোনো অনুষ্ঠানে গিয়ে ছোট বাচ্চাদের দিতে তাকিয়ে থাকি। কারণ তাদের দেখে আমি চার্জড হই।”
তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছেন। একটা পতাকা দিয়েছেন। একটা স্বাধীন দেশ যে কত বড় তা চিন্তাও করা যায় না। এখন এ দেশটাকে আমাদের হাতেই তৈরি করতে হবে। নইলে মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা আমাদের ঋণ শোধ করতে পারব না।”
ব্রাহ্মণবাড়িয়া খেলাঘরের সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণয় সাহা, সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ প্রমুখ।
আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তারপর স্থানীয় কয়েকটি সংগঠনের শিল্পীদের পরিবেশনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
