চারঘাটে ফেন্সিডিলসহ ‘ভারতীয়’ নাগরিক আটক
রাজশাহীর চারঘাটে পাঁচ শতাধিক বোতল ফেন্সিডিলসহ এক ‘ভারতীয়’ নাগরিককে আটক করেছে বিজিবি।
চারঘাট উপজেলার মোক্তারপুরের পদ্মার চর থেকে বুধবার বিকালে জেনারুল ইসলামকে (৩২) আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির ইউসুফপুর ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস সাংবাদিকদের জানান, ৫৩০ বোতল ফেন্সিডিলসহ আটকের পর জেনারুলকে চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
“ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার খয়েরতলান মজিবার রহমানের ছেলে জেনারুল মাদক চোরাচালান চক্রের সদস্য।”
এদিকে পুলিশ হেফাজতে থাকা জেনারুল সাংবাদিকদের বলেন, তিনি লেবারের কাজ করেন। ফেন্সিডিলগুলো তিনি ৮ হাজার টাকার বিনিময়ে ভারত থেকে বাংলাদেশ সীমানায় পৌঁছে দিতে এসেছিলেন।
