করিমপুরে দগ্ধ হয়ে মারা যান মুক্তিযোদ্ধাসহ ১১ জন
১৯৭১ সালের ৯ ডিসেম্বর ফরিদপুরের করিমপুরে মুক্তিযোদ্ধাদের আশ্রয় নেওয়া একটি বাড়িতে পাকহানাদার বাহিনীর দেওয়া আগুনে সাত মুক্তিযোদ্ধাসহ ১১ জনের মৃত্যু হয়েছিল।
এর আগে ঢাকা-খুলনা মহাসড়কে করিমপুর ব্রিজের কাছে হানাদারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়।
ওইদিন দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন সালাউদ্দিন, নৌফেল, আব্দুল ওয়াহাব, সোহরাব হোসেন, আব্দুল আওয়াল, আব্দুল হামিদ ও মজিবুর রহমান এবং তাদের আশ্রয়দানকারী গ্রামবাসী বাকেলউদ্দীন মণ্ডল, হযরতউদ্দীন মণ্ডল, হাশেম আলী মণ্ডল ও আবু খাঁ।
প্রতিবছরের মতো এবারও ফরিদপুরবাসী শ্রদ্ধার সঙ্গে এ শহীদদের স্মরণ করছে।
বুধবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলাদ মা্হফিল ও আলীপুর কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করেছে বলে জানান সংগঠনটির ডেপুটি কমান্ডার আমিনুর রহমান ফরিদ।
দেশ স্বাধীনের ৪৪ বছর পেরিয়ে গেলেও সেখানে স্মৃতির মিনার তৈরি হয়নি।
ফরিদপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর মো. বাবুল বলেন, “যশোরে তখন স্বাধীন বাংলার পতাকা উড়ছে। হানাদার বাহিনী পিছু হটে ঢাকা ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর ব্রিজের কাছে মুক্তিযোদ্ধারা গ্রেনেড চার্জ করে একটি গাড়ি উড়িয়ে দেয়। ওইদলে সালাউদ্দিনের নেতৃত্বে প্রায় ৭৪ জন মুক্তিযোদ্ধা ছিলেন।
এর কিছুক্ষণের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর একটি বড় বহর ঘটনাস্থলে পৌঁছলে মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে মুক্তিযোদ্ধারা তিন-চার ভাগে বিভক্ত হয়ে পাল্টা গুলি করতে করতে পিছু হটে করিমপুর গ্রামে আশ্রয় নেন।
বাবুল বলেন, “মুক্তিযোদ্ধাদের আশ্রয় নেওয়া একটি বাড়িতে হানাদার বাহিনী আগুন ধরিয়ে দিলে সাত মুক্তিযোদ্ধাসহ ১১ জন দগ্ধ হয়ে মারা যান।”
এর কয়েকদিন পর ১৭ ডিসেম্বর ফরিদপুর হানাদার মুক্ত হয়।
বাবুল জানান, দেশ স্বাধীনের পর শহীদদের আগুনে পোড়া দেহাবশেষ উদ্ধার করে ফরিদপুরের আলীপুর গোরস্থানে দাফন করা হয়।
ওইদিন মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিহত চার গ্রামবাসীর পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন বলে জানান বাবুল।
নিহতদের পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধারা করিমপুরের যুদ্ধস্থলে ১টি স্মৃতি সৌধ নির্মাণের দাবি জানিয়ে মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বলেন, “দেশ স্বাধীনের দীর্ঘ সময় পরও সেখানে স্মৃতির মিনার না হওয়া আমাদের জন্য লজ্জাকর।”
