রংপুরে শিবিরের শাফি জাতীয় পার্টিতে
নাশকতার মামলার আসামি রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন, যিনি ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত।
সোমবার দুপুরে রংপুর নগরীতে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের বাসভবন ‘পল্লী নিবাস’ এ গিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন তিনি।
ওইদিন সকালে এরশাদকে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পল্লী নিবাসে নিয়ে আসেন একদল যুবক, যার নেতৃত্ব দেন শাফিউল ইসলাম শাফি।
পুলিশ বলেছে, পুলিশের দায়ের করা দুটি নাশকতা মামলার প্রধান আসামি ‘শিবির ক্যাডার’ শাফি গ্রেপ্তার এড়াতে ১১ মাস আত্মগোপনে ছিলেন।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ৫ জানুয়ারি নির্বাচন পরবর্তী বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে নাশকতার অভিযোগে কাউন্সিলর শাফিউল ইসলাম শাফির বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। মামলায় শফি প্রধান আসামি।
রংপুরে নগরীতে তিনি নাশকতায় নেতৃত্ব দিতেন এবং বাইরের জেলা থেকে পালিয়ে আসা জামায়াত-শিবির নেতাদের নিজ এলাকায় আশ্রয় দিতেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, বলেন ওসি।
এ নিয়ে জাতীয় পার্টির নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য সৈয়দ নুর আহমেদ টুলু বলেন, “শাফি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নেতা নন যে তাকে দলে নিলে লাভ হবে। বরং তাকে দলে নেওয়াতে ভীষণ কষ্ট পেয়েছি, লজ্জিত হয়েছি।”
শাফির নামে নাশকতার মামলা রয়েছে, মামলা থেকে রক্ষা পাওয়ার জন্যই জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন টুলু।
সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চন্দ্র রায় বলেন, “চিহ্নিত শিবির ক্যাডার শাফি জাতীয় পার্টিতে যোগ দিলেও তার শেষ রক্ষা হবে না।”
নিজেকে শাফির নির্যাতনের শিকার বলে দাবি করে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন।
তিনি বলেন, শিবির ক্যাডার ও নাশকতার মামলার প্রধান আসামি শাফিকে দলে নিয়ে ‘এরশাদ জামাত-শিবিরের অপরাজনীতিকে’ উৎসাহিত করেছেন, রংপুরবাসীকে অপমানিত করেছেন।
আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন জানান, কারমাইকেল কলেজের ছাত্র থাকাকালে আধিপত্য নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে ওঠে শাফির নেতৃত্বে ছাত্রশিবির। শাফি গঠন করেন ‘রগ কাটা বাহিনী’। ১৯৯০ সালে দিনে দুপুরে কলেজ ক্যাম্পাসেই ছাত্রলীগের সহ সভাপতি আব্দুস সবুরের হাতের কব্জি কেটে নেয় শাফির ‘রগ কাটা বাহিনী’।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, ফৌজদারি অপরাধে অভিযুক্ত কেউ রাজনৈতিক দলে যোগ দিলেই আইনের হাত থেকে রক্ষা পাবেন এমনটি ভাবার কিছু নেই। শিগগিরই দুটি মামলায় অভিযোপত্র দেওয়া হবে।
অভিযোগ অস্বীকার করে শাফি বলেন, “আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য নয়, এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছি।”
কারমাইকেল কলেজ সংলগ্ন দর্শনা মোড়ে শাফির বাড়ি। ১৯৮৮ সালে কারমাইকেল কলেজের ছাত্র থাকাকালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন তিনি। পরে শাফি সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক হন।
২০০৩ সালের ১৫ অক্টোবর ছাত্রলীগ নেতা রশিদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ছিলেন শাফি। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সকল মামলা থেকে অব্যাহতি পান শাফি।
পরে জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত হন। ২০১২ সালে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
