ধনবাড়ীতে লড়াইয়ে থাকতে ২ প্রার্থীর আপিল
টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল নিয়ে আপিল করেছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী।
জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেলে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এসএম ছোবহান আপিল আবেদন করেছেন।
১১ ডিসেম্বর বিকেল ৩টায় তাদের আপিল শুনানি হবে বলে জানান তিনি।
টাঙ্গাইলে আটটি পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাইয়ের শেষ দিন রোববার সাত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন সখিপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর তালুকদার ও এনপিপির ফারুক হোসেন, ভুয়াপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী তারেকুল ইসলাম চঞ্চল ও বিএনপির বিদ্রোহী জাহাঙ্গীর হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয় একই দিন।
