নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ননসেন্স: মুহিত
আসন্ন পৌরসভা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বিএনপির সংশয় প্রকাশ ‘ননসেন্স’ বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার বিকালে সিলেটের আলীনগর ও মোগলগাঁও ইউনিয়নের দশটি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন
পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা এনিয়ে বিএনপির শংকা প্রকাশ কতটা যৌত্তিক প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমার অপিনিয়ন হচ্ছে তাদের কথাবার্তা ননসেন্স।”
রোববার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন।
বিদ্যুৎ সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ২০২১ সালের আগেই দেশের সব গ্রাম বিদ্যুতের আওতায় চলে আসবে।
“প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন করা হবে। তবে যেভাবে বিদুৎ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে আশা করা যাচ্ছে ২০১৮ সালের মধ্যেই এ প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে।”
সরকারের বাকি তিন বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি একে আবদুল মুমিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিুকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী প্রমুখ।
কারামুক্তির পাঁচ দিন পর রোববার নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজের কক্ষে বসে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল।
তিনি বলেন, “আমাদের নির্বাচন কমিশন প্রথম থেকে যে ভূমিকা পালন করছে, তা নিরপেক্ষ নির্বাচন কমিশনের ভূমিকা নয়। তাদের ভুমিকা পুরোপুরিভাবে দলীয় ভূমিকায় পরিণত হয়েছে।
“সেক্ষেত্রে পৌর নির্বাচন কতোটা নিরপেক্ষ হবে, কতোটা অবাধ হবে- এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে।”
