যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালী সদরে যৌতুক নিয়ে কলহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃত মিনা আক্তার (২২) সদর উপজেলার শল্লা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার ভোরে হাসপাতালে লাশ ফেলে যাওয়ার সময় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় মিনার বাবা বাদী হয়ে দেলোয়ারসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি জানান, চার বছর আগে জয়নাল আবেদীনের ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে সুবর্ণচর উপজেলার পশ্চিমর চর জুবলী গ্রামের আবদুল হক হেঞ্জু মিয়ার মেয়ে মিনার বিয়ে হয়।
বিয়ের পর থেকে যৌতুকের জন্যে দেলোয়ার ও তার পরিবারের লোকজন প্রায়ই মিনাকে মারধর করত। এ নিয়ে একাধিকবার সালিশ হয় বলেও জানান ওসি।
রোববার রাতে মিনাকে আবার মারধর করলে এক পর্যায়ে তার মৃত্যু হয় বলে মামলায় অভিযোগ করা হয়, বলেন ওসি।
“মিনার লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ফেলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ দেলোয়ারকে গ্রেপ্তার করে।”
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, “মিনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”
