খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১১ ডিসেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তিপরীক্ষা ১১ ডিসেম্বর শুরু হচ্ছে।
প্রযোজ্য ক্ষেত্রে ক্যালকুলেটর ছাড়া মোবাইল ফোনসহ সব রকম ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে আনা নিষিদ্ধ করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান।
এ বছর বিশ্ববিদ্যালয়ের ৫টি স্কুল ও একটি ইনস্টিটিউটের ২৬টি বিভাগে ১ হাজার ১১৮টি আসনের বিপরীতে ৩৭ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।
ভারপ্রাপ্ত পরিচালক জানান, ভর্তিপরীক্ষা গ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র এবং কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে আসন বিন্যাস করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্রে রোল নম্বর ০০০১ থেকে ৪৩০০ পর্যন্ত এবং কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে রোল নম্বর ৪৩০১ থেকে ৬১৬৫ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১১ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যালয় স্কুলের, বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীববিজ্ঞান স্কুলের এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১২ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের, বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুলের এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তিপরীক্ষা হবে।
ভর্তির আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এবার ভর্তিপরীক্ষা চলাকালীন দুটি ভ্রাম্যমাণ আদালত থাকছে। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে সোমবার বেলা ১২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
