২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফল যাচাইয়ের দাবি: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফের বিক্ষোভ

২০১৩ সালের অনার্স পার্ট-৪ পরীক্ষার ফল পুনরায় যাচাই করার দাবিতে এক সপ্তাহের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার বিক্ষোভ করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 03:59 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

পুরনো খবর:

ফের ফল যাচাইয়ের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রোববার গাজীপুরের বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগিয়ে তারা বিক্ষোভ করেন।

একই দাবিতে গত ৩০ নভেম্বর দেশের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ করেন।

গত ২৬ নভেম্বর এ পরীক্ষার প্রকাশিত ফলে পাসের হার ৭৬ দশমিক ১২ ভাগ। ২৮টি অনার্স বিষয়ে ২৪৫টি কলেজের ১৪৬টি কেন্দ্রের এক লাখ চার হাজার ৪৫১ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার পর বেলা ২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ তুলে নেন বলে জানান তিনি। 

টঙ্গী সরকারি কলেজের ছাত্র সৈকত আহমদ জানান, অনার্স পার্ট-৪ পরীক্ষার ফলাফলে দেশের বিভিন্ন কলেজের প্রায় ২৬ হাজার শিক্ষার্থী কোনো না কোনো বিষয়ে অকৃতকার্য হয়েছেন, যার কারণে তারা মাস্টার্সে ভর্তি হতে পারছেন না।

তাদের পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়িত হয়নি বলে দাবি সৈকতের।

ঢাকার লালমাটিয়া মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্রী শারমিন আক্তার বলেন, খাতা পুনর্মূল্যায়নের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করলে ৮৪৬ টাকা খরচ হয়। এটি বিনা খরচে করা উচিত।