পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট চলছে
মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে পঞ্চগড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয় বলে জানান পঞ্চগড় মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের নিষেধাজ্ঞার পরও পঞ্চগড়ের মহাসড়কে থ্রী হুইলার, পাগলু, নসিমন, করিমন ও ভটভটি চলাচল করছে।
“বিষয়টি নিয়ে গত মাসের ৮ তারিখ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হলেও জেলা প্রশাসকের আশ্বাসে তা স্থগিত করা হয়।
“৩০ নভেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে ৬ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ার কথা প্রশাসনকে জানানো হয় ওইদিন।”
সময়সীমার মধ্যে তিন চাকার যান চলাচল বন্ধে উদ্যোগ না নেওয়ায় এ ধর্মঘট শুরু করা হয়েছে বলেও জানান মোটর মালিক সমিতির ওই নেতা।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, ধর্মঘট প্রত্যাহার ও দাবি নিয়ে আলোচনার জন্য সংশ্লিষ্টদের আহবান জানানো হয়েছে।
