খাগড়াছড়িতে মেয়র পদে ১১ জনের মনোনয়নপত্র দাখিল
খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে এক উপজাতীয় নারীসহ ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে দুই পৌরসভায় কাউন্সিলর পদে ৯০ এবং সংরক্ষিত মহিলা আসনে ২২ জন মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাওসার আহম্মদ
সাংবাদিকদের জানান, খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে এক নারীসহ আটজন, কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
“আওয়ামী লীগের মো. শানে আলম, বিএনপির আব্দুল মালেক মিন্টু, নাগরিক কমিটির প্রার্থী বর্তমান মেয়র মো. রফিকুল আলম, জাতীয় পাটির (এ) মো. ইসহাক, নাগরিক সমাজের প্রার্থী ধীমান খীসা, স্বতন্ত্র প্রার্থী কিরণ মারমা, দীপায়ন চাকমা ও সমারী চাকমা মনোনয়ন জমা দেন।”
মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার টি এম মশিউর রহমান সাংবাদিকদের জানান, মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে তিনজন,কাউন্সিলর পদে ৪৩ এবং সংরক্ষিত মহিলা আসনে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের মো. শামসুল হক, বিএনপির মো. বাদশা মিয়া এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে আলী আশরাফ মনোনয়ন জমা দেন বলে জানান তিনি।
