২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রতিক্রিয়ায় রাবি শিক্ষকদের উদ্বেগ

যুদ্ধাপরাধীদের বিচার ও দণ্ড কার্যকর নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 10:09 AM

Updated : 22 Aug 2022, 02:08 PM

বুধবার রাতে সংগঠনের সভাপতি আনন্দ কুমার সাহা ও সাধারণ সম্পাদক মহা. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া ও রায়ের বিষয়ে পাকিস্তান যেভাবে অযাচিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে, তা রীতিমতো কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত, ঔদ্ধত্যপূর্ণ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

“এ দেশের বিচার প্রক্রিয়া বা যেকোনো বিষয়ে মন্তব্য বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কোনো দেশের নেই, তাই পাকিস্তানের এই অযাচিত প্রতিক্রিয়া প্রকারান্তরে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করি।”

‘১৯৭১-এ মুক্তিযুদ্ধকালে পাকিস্তান কোনো মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেনি’ মন্তব্য করে তারা নির্লজ্জ মিথ্যাচার করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে পাকিস্তানকে ভুল স্বীকার করে অবিলম্বে বাংলাদেশের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়। একইসঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত করা থেকে বিরত থাকতেও বলা হয়।

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে রোববার প্রথম প্রহরে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃতুদণ্ড কার্যকর করার পর এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দুর্ভাগ্যজনক মৃত্যুদণ্ড কার্যকর আমরা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করলাম।”

একাত্তরের যুদ্ধাপরাধের এই বিচারকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যায়িত করে এ নিয়ে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার’ কথা বলা হয় ওই বিবৃতিতে।

ওই ঘটনায় পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে বাংলাদেশ সরকার।

পুরনো খবর:

পাকিস্তানের নির্লজ্জ হস্তক্ষেপ, দূতকে তলব করে ‘কড়া প্রতিবাদ’
বাংলাদেশ দূতকে পাকিস্তানের তলব
১৮ দিনেও প্রকাশ হয়নি রাবির বি ইউনিটের ফল