সৈয়দ আশরাফের চাচা ওয়াহিদুল ইসলাম আর নাই
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চাচা মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম মারা গেছেন।
সৈয়দ ওয়াহিদুল ইসলাম (ফাইল ছবি)
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।
মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে জেলা শহরের খরমপট্টি এলাকায় নিজের বাসায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।
৭৯ বছর বয়সী ওয়াহিদুল ইসলাম দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার তিন ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।
ওয়াহিদুল ইসলামের মৃত্যুর খবর শুনে দলীয় নেতাকর্মীরা মধ্যরাতে তার বাসার সামনে ভিড় করেন।
মরহুমের প্রথম জানাজা বুধবার বাদ জোহর জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি বীর দামপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হবে বলে তার ছেলে অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু জানিয়েছেন।
