বিভিন্ন জেলায় সার ধর্মঘট অব্যাহত
সারের মোড়কে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা এবং ভ্রাম্যমাণ আদালত দুই ডিলারকে জরিমানা করার প্রতিবাদে বিভিন্ন জেলায় সার বিক্রি বন্ধ করে দিয়েছেন ডিলাররা।
মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্যে ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোণা, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, সুনামগঞ্জ ও হবিগঞ্জে সার সরবরাহ বন্ধ করার ঘোষণা দেন সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূঁইয়া।
মঙ্গলবার আশুগঞ্জ ফেরিঘাটে সমিতির এক সংবাদ সম্মেলনে সভাপতি রুহুল আমিন বলেন, “সারের মোড়কে পাটের বস্তা ব্যবহার করা হলে সারের গুণাগুণ নষ্ট হওয়ার পাশাপাশি বস্তার ওজন কমে যাবে। এতে কৃষকরা প্রতারিত হবেন।”
সরকারের কাছে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যারের দাবি জানান তিনি।
এর আগে সোমবার থেকে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করতে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করে কর্তৃপক্ষ।
সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে দুই ডিলার ও আশুগঞ্জ বন্দরে তিন চাল ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সম্প্রতি ধান, চাল, ভুট্টা, সার ও চিনির মোড়কে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করে সরকার।
অন্যদিকে, নীলফামারীতেও সার ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের এই ধর্মঘট পালন করছেন।
নীলফামারী জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা বলেন, “প্লাস্টিকের বস্তায় সার বিক্রি ও পরিবহনের সময় দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের জরিমানা করেছে প্রশাসন।
“এর প্রতিবাদে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিদ্ধান্তে সারাদেশের মতো মঙ্গলবার সকাল থেকে নীলফামারী জেলায় অনির্দিষ্ট কালের ধর্মঘট করছি।”
মঙ্গলবার এ জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব উপজেলায় পাইকারি ও খুচরা সারের দোকান বন্ধ রয়েছে। দোকান বন্ধ থাকায় সব কৃষক ফিরে যাচ্ছেন।
জেলা সদরের বড়বাজারের সুনীল এন্টারপ্রাইজে সার কিনতে আসা কিষামত দোগাছী গ্রামের কৃষক সন্তোষ কুমার রায় (৩৪) বলেন, “সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরেছি সার কেনার জন্য। দোকান বন্ধ থাকায় সমস্যায় পড়েছি।
“আমার জরুরি প্রয়োজন থাকায় অবশেষে এক দোকানদারকে অনেক অনুরোধ করে ১০ কেজি ইউরিয়া, ২৫ কেটি টিএসপি ও সাড়ে ১২ কেজি পটাশ সার সংগ্রহ করেছি।”
জেলা শহরের বড়বাজারের ডালপট্টি এলাকার খুচরা সার ব্যবসায়ী ভীষ্ম দেব রায় বলেন, “প্লাস্টিকের সারের বস্তা নিয়ে আতঙ্কে আছি। বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, ওই বস্তার কারণে ব্যবসায়ীদের জরিমানা করছে প্রশাসন। এর প্রতিবাদে সার ব্যবসায়ীদের সংগঠন অনির্দিষ্ট কালের ধর্মঘট ডেকেছে। এ কারণে দোকান বন্ধ রেখেছি।”
