বিবিআইএন মৈত্রী মটর শোভাযাত্রা বাংলাদেশ ছেড়েছে
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) মৈত্রী মটর শোভাযাত্রা বাংলাদেশে ছেড়েছে।
শোভাযাত্রাটি মঙ্গলবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের পেট্রাপোল দিয়ে ঢুকে কলকাতার উদ্দেশে রওনা হয়।
রাত সাড়ে ৮টার দিকে শোভাযাত্রাটি বেনাপোলে পৌঁছালে শুল্কভবনের যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার আব্দুল হক ও নুরুল বাসেত, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম তাদের স্বাগত জানান।
এ সময় পোর্ট থানা পুলিশ, ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে আনুষ্ঠানিকতা শেষে চেকপোস্ট দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের পেট্রাপোল হয়ে কলকাতার উদ্দেশে রওনা হয় শোভাযাত্রাটি।
এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় শোভাযাত্রা যশোর সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টরেট নাজমুল আলমসহ প্রশাসনের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
১৫ নভেম্বর ভারতের ভুবনেশ্বর থেকে যাত্রা করা ২০টি গাড়ির এই শোভাযাত্রা চার হাজার ২২৩ কিলোমিটার পথ পেরিয়ে ২ ডিসেম্বর বুধবার কলকাতায় গিয়ে এক সেমিনারের মাধ্যমে শেষ হবে।
চলতি বছরের ১৫ জুন বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক পথে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী যানচলাচল নিয়ন্ত্রণে মটরযান চুক্তি হয়। এর আওতায় পরীক্ষামূলক চলাচল হিসেবে এই মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়।
চার নারীসহ ৮০ যাত্রীবাহী ২০টি জিপের বহরে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নিরোদ চন্দ্র মণ্ডলের নেতৃত্বে ছয়জন, এমএলএ প্রবীণচন্দ্র ভজ দেওয়ের নেতৃত্বে ভারতের ৬৬ জন, দশরথ বিশালের নেতৃত্বে নেপালের চারজন এবং তেশিয়াং রিনজেনের নেতৃত্ব ভুটানের চার সদস্যের প্রতিনিধি রয়েছেন।
উড়িষ্যার কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাব, ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় এবং এসব দেশের কয়েকটি ক্লাব যৌথভাবে এই শোভাযাত্রার আয়োজন করে।
