মিয়ানমার থেকে আরও ৪৮ বাংলাদেশি ফিরছে বুধবার
মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরও ৪৮ বাংলাদেশিকে বুধবার ফেরত আনার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফে বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম জানান, মিয়ানমারের মংডুতে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠকে এদের ফেরত আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টের ‘বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু’ দিয়ে ওই ৪৮ জনকে ফেরত আনার পরিকল্পনা রয়েছে।
এদের ফেরত আনতে বাংলাদেশের প্রতিনিধি দল বুধবার সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে রওনা হওয়ার কথা রয়েছে। এতে নেতৃত্ব দেবেন বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার।
মিয়ানমারের জলসীমা থেকে গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জনকে আটক করে দেশটির নৌবাহিনী। এই ৯৩৫ জনকে মিয়ানমার কর্তৃপক্ষ প্রথম থেকেই বাংলাদেশি বলে দাবি করে আসছে।
এদের মধ্য থেকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে এর আগে ৭২৯ জনকে ফেরত আনা হয়। মঙ্গলবার আরও ৪৮ জনকে ফেরত আনার সিদ্ধান্ত হল।
বিগ্রেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিমের নেতৃত্বে এ বৈঠকে বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। তাদের মধ্যে বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান, বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুর রহমানসহ বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।
বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৯৩৫ জনের অন্যদের মধ্যে আর কোন বাংলাদেশি আছে কিনা খোঁজখবর নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বৈঠকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল থিন কো কো।
