গাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ
গাইবান্ধার সাদুল্লাপুরে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
মঙ্গলবার সকালে ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া থেকে রবিউল ইসলামের (৩৮) লাশ উদ্ধার করা হয়।
রবিউল উপজেলার ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের আবুল কাশেম ওরফে ওয়াজেদ মুন্সির ছেলে।
পরিবারের বরাত দিয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রেজাউল করিম বলেন, শনিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রবিউল।
“মঙ্গলবার সকালে হিংগারপাড়ায় একটি ইউক্লিপটাস গাছে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রবিউলের ডান হাতে জখমের চিহ্ন রয়েছে উল্লেখ করে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
মৃতের স্ত্রী রিনা বেগম বলেন, “শনিবার সকালে রবিউল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।”
