সৈয়দপুর ও জলঢাকায় মাঠে মনোনয়ন প্রত্যাশীরা
নীলফামারীর সৈয়দপুর ও জলঢাকা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মেয়র পদে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য একক প্রার্থী থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রয়েছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী।
সৈয়দপুর পৌরসভায় মাঠে রয়েছেন আওয়ামী লীগের আকতার হোসের বাদল, মোজাম্মেল হক, হিটলার চৌধুরী ভলু, সাখাওয়াত হোসেন খোকন ও পিকে ছাইদুল।
জলঢাকা পৌরসভায় প্রচারণার মাঠে আছেন দলটির আব্দুল ওয়াহেদ বাহাদুর, শাহীনুর রহমান, আবুল কালাম আজাদ, সারোয়ার হোসেন সাদের ও বর্তমান মেয়র ইলিয়াছ হোসেন বাবলু।
বিএপি নেতারা হলেন সৈয়দপুরের বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার ভজে এবং জলঢাকার ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী।
সৈয়দপুরে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরা হলেন সিদ্দিকুল আলম সিদ্দকী, জয়নাল আবেদিন ও জাকির তালুকদার।
জলঢাকায় রয়েছেন দলটির শাহ মো. আব্দুল কাদের বুলু চৌধুরী ও আব্দুল গফুর।
এছাড়া সৈয়দপুর ও জলঢাকায় জামায়াতের প্রার্থী হতে চান যথাক্রমে আব্দুল মুনতাকিম ও মকবুল হোসেন।
জলঢাকা উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি বর্তমান পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করব।”
যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেনি এমন কোনো বির্তকিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে দলের ক্ষতি হবে বলে মনে করেন তিনি।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক বলেন, দুই পৌরসভায় আওয়ামী লীগ থেকে ডজনখানেক প্রার্থী মনোনয়নের পাওয়ার আশায় রয়েছেন।
“তবে আমরা সার্বিক দিক বিবেচনা করে মনোনয়ন দেব।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান বলেন, সৈয়দপুর বিএনপির রাজনৈতিক জেলা শাখা। সেখানকার সিদ্ধান্ত শুধু তারাই নেবেন। জলঢাকায় এখন পর্যন্ত বিএনপির পক্ষে একজনই প্রচারণা করছেন।
“এরপরেও আমরা কেন্দ্রের সিদ্ধান্ত ও নির্দেশের অপেক্ষায় রয়েছি।”
জেলা জাতীয় পার্টির আহবায়ক শওকত চৌধুরী বলেন, “কেন্দ্র থেকে সিদ্ধান্ত এলে যোগ্য ব্যক্তিকে বাছাই করে মনোনয়ন দেওয়া হবে।”
সৈয়দপুর পৌরসভায় ৮১ হাজার ৩৬৫ জন এবং জলঢাকা পৌরসভায় ২৯ হাজার ৫৭৬ জন ভোটার রয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর এই দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
