নাটোরে গোপন ব্যালটে আ. লীগের প্রার্থী বাছাই
আসন্ন পৌরসভা নির্বাচনের জন্য নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করা হয়েছে গোপন ব্যালটের মাধ্যমে ।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সদস্য ও বর্তমান কাউন্সিলর আব্দুল বারেক সরদার এবং গুরুদাসপুরে বর্তমান মেয়র শাহনেওয়াজ মোল্লাকে দলীয় প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ১৩৫ জন ও পৌর কমিটির ১৫ জন সদস্য গোপন ব্যালটে পছন্দের প্রার্থীর পক্ষে রায় দেন।
“এতে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবু উল হক ৬২ এবং পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক সরদার ৮৩ ভোট পান।”
অন্যদিকে সম্ভাব্য মেয়র প্রার্থী বাছাইয়ে গুরুদাসপুরে ওয়ার্ড ও পৌর কমিটি মিলিয়ে ১৮৮ জন গোপন ভোট দেন বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জানিয়েছেন।
এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মোল্লা ১৫১ এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ৩১ ভোট পেয়েছেন।
সাংসদ আব্দুল কুদ্দুস ছাড়াও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, জেলা আওয়ামী লীগের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম পৌর নির্বাচনে মেয়র পদে ভোট হতে যাচ্ছে দলের মনোনয়ন ও প্রতীকে। তবে কাউন্সিলর পদে নির্বাচন আগের মতো নির্দলীয়ভাবে হবে।
২৩৬টি পৌরসভায় এ নির্বাচন করতে ৩০ ডিসেম্বর ভোটের দিন রেখে তফসিল দিয়েছে নির্বাচন কমিশন, তাতে ৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিলের কথা বলা হয়েছে।
