ফরিদপুরে হিন্দু নেতার ওপর হামলায় মামলা
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনকে (৫৮) কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঐক্য পরিষদ নেতার বড় ভাই আশীষ রঞ্জন সেন (৬২) বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন বলে জানান ফরিদপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় অজ্ঞাত পরিচয়ের তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গত ২৪ নভেম্বর বিকেল ৪টার দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় নিজ বাড়ির সামনে অলোক সেনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
