হাছন রাজার দুই নাতির ছেলে প্রার্থী হতে চান
সুনামগঞ্জ পৌরসভায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থীদের মধ্যে হাছন রাজার দুই নাতির ছেলের নাম এসেছে।
এদের মধ্যে দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান আর স্বতন্ত্র প্রার্থী হতে চান দেওয়ান গণিউল সালাদীন।
জেলা আওয়ামী লীগের নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন, “আমি দল থেকে মনোনয়ন প্রত্যাশী, দল মনোনয়ন দিলে নির্বাচন করব।”
সাবেক সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান দেওয়ান মমিনুল মউজদীনের ছোট ভাই দেওয়ান গণিউল সালাদীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন।
গণিউল বলেন, “স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বিষয় নয়, পৌরসভার মানুষ ব্যক্তিকেই বেছে নেবে।”
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ূব বখত জগলুল বর্তমানে পৌর মেয়রের দ্বায়িত্ব পালন করছেন। তিনিও এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন।
তারা ছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আছেন পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নুরুল ইসলাম বজলু।
বর্তমান মেয়র আয়ূব বলেন, “আমি মেয়রের দ্বায়িত্ব পালনকালে পৌর এলাকায় যে উন্নয়ন করেছি, গত দুই যুগেও এত উন্নয়ন হয়নি।
“আমি সব সময়ই নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলাম। আমি দলীয় মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।”
পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নুরুল ইসলাম বজলু বলেন, “আমি আগেও প্রায় তিন বছর পৌরসভার দ্বায়িত্বে ছিলাম, এবার দল থেকে নমোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই।”
এদিকে বিএনপি থেকে জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ দীর্ঘদিন মেয়র পদে নির্বাচন করার জন্য মাঠে আছেন।
গত মেয়র পদে নির্বাচনে তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন। তিনি ছাড়া বিএনপি থেকে আর কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না।
শেরগুল আহমদ বলেন, “দল থেকে মনোনয়ন পাবার পাশাপাশি জয়ের ব্যাপারে আশাবাদী।
“নির্বাচনী প্রচারণা চালাতে যেখানেই যাচ্ছি, ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।”
সুনামগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪০ হাজার ৩৭৪জন।
