লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১ জন নিহত
পটুয়াখালীতে যাত্রীবাহী দোতালা লঞ্চের ধাক্কায় কাঠবোঝাই ট্রলার ডুবে একজন নিহত হবার খবর দিয়েছে পুলিশ।
নিহত মো. জামাল গাজীর ঠিকানা জানা যায়নি।
সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম বিডিনিউজর টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে একটি কাঠবোঝাই ট্রলার গলাচিপা থেকে পটুয়াখালীর এফ খান ব্রিকফিল্ডে যাচ্ছিল।
ট্রলারটি লোহালিয়া নদীর পালের ডাঙ্গা পয়েন্টে পৌঁছালে পটুয়াখালীমুখী দোতালা লঞ্চ এমভি ঈগল-৩-এর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
এ সময় ট্রলারের মাঝি জামাল নিখোঁজ এবং সহকারী মিরাজ মৃধা ও মো. ফকু আহত হন।
পরে নদী থেকে জামালের লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাল মর্গে পাঠায় পুলিশ। আহতদেরও ওই হাসপালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি তারিকুল।
