২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় ঠিকাদারকে হত্যার অভিযোগ

ব্যবসায়িক বিরোধে বাগেরহাটের মংলায় স্থানীয় এক ঠিকাদারকে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2015, 05:53 PM

Updated : 22 Aug 2022, 02:03 PM

তবে খোকা তালুকদার  (৪৭) নামের ওই ঠিকাদার দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

নিহত খোকা তালুকদার মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ গ্রামের হাসেম তালুকদারের ছেলে।

শুক্রবার তার লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্থানীয়রা মংলা বন্দরের  ইপিজেড এলাকায় খোকা এবং তার দুই সঙ্গী তপন ঘোষ ও নাজমুলকে আহত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।

“পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করলে সেখানে খোকার মৃত্যু হয়। বাকিদের গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

“খোকার  ডান হাত ও পা ভেঙে গেছে। কপালে কাটার দাগ আছে।”

ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে, বলেন গৌতম বিশ্বাস।

মৃত খোকার মেয়ে শিউলি বেগম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায়  তপন  বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর বাড়ি ফিরে না আসায় রাত প্রায় ১২টার দিকে বাবাকে ফোন দেই। বাবা ফোন রিসিভ করে ‘খুব সমস্যার ভিতর আছি, আর ফোন দিও না’ বলে সংযোগ কেটে দেন।

তার বাবার সঙ্গে ঠিকাদারির কাজ নিয়ে তপন ঘোষ ও নাজমুলের পূর্ব শত্রুতা ছিল। তারাই তাকে হত্যা করেছে বলে দাবি শিউলির।