২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছিনতাইকারীর হামলায় যুবকের কব্জি বিচ্ছিন্ন

বরিশালে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক অটোরিকশা যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2015, 02:22 PM

Updated : 22 Aug 2022, 02:03 PM

শুক্রবার ভোরে নগরীর হাসপাতাল রোড তালতলার মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বরিশাল কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, আহত দুজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- ঝালকাঠি সদরের আশিয়ার এলাকার আব্দুল হাকিমের ছেলে আব্দুল ওহাব (৪০) ও নগরীর কাশিপুর ফিশারি রোড এলাকার লায়েক শেখের ছেলে মো. সুজন (৩৫)।

এদের মধ্যে বাঁ হাতের কব্জি হারনো আব্দুল ওহাবের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।

ওসি সাখাওয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে লঞ্চে করে ভোরে বরিশালে আসেন ওহাব ও সুজন। ঘাট থেকে অটোরিকশায় করে শহরের নথুল্লাবাদ যাওয়ার পথে ৩/৪ জন যুবক তাদের পথ আটকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

“তারা বাধা দিলে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওহাবের বাঁ হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।”

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেলে নিয়ে যায় বলে জানান তিনি।