দুস্থদের ভিজিডির চাল বদলে খারাপ চাল গুদামে
অসহায় ও দুস্থ নারীদের জন্য সরকারের পাঠানো ভালো চাল সরিয়ে ফেলে খারাপ চাল গুদামে তোলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবারে রুমা উপজেলায়, বান্দরবান সদর ইউনিয়নে ও টংকাবতী ইউনিয়নের জন্য নিম্নমানের ভিজিডি চাল সরবরাহ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল আলম।
বান্দরবানে চারটি উপজেলার দুস্থ নারীদের জন্য খাদ্য অধিদপ্তর থেকে নভেম্বরে সাড়ে ১৪৮ মে.টন ভিজিডি চাল বরাদ্দ দেওয়া হয়।
খাদ্য অধিদপ্তর থেকে এর মধ্যে বান্দরবান সদর উপজেলার জন্য ৬০ টন, রুমায় ৩৬ টন, থানছিতে ৩৬টন ও রোয়াংছড়ি উপজেলাতে সাড়ে ১৬ টন ভিজিডি চাল বরাদ্দ করা হয়।
বান্দরবান সদর ইউপি চেয়ারম্যান সাচপ্রু মারমা ও থানছির রেমাক্রী ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা জানান, বেশিরভাগ সময় জেলা খাদ্যগুদাম থেকে অতি নি¤œমানের ভিজিডি চাল সরবরাহ করে থাকে।
মানসম্মত ভিজিডি চাল বিতরণের বিষয়টি একাধিকবার কর্মকর্তাদের নজরে আনা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা খাদ্যগুদামে সরেজমিনে গিয়ে সরকারিভাবে পাঠানো ভিজিডি চালের নমুনার সঙ্গে গুদামে আনা চালের মিল খুঁজে পাওয়া যায়নি।
বান্দরবান জেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল আলম মোবাইলে খাদ্যগুদামে নিম্নমানের ভিজিডি চাল কিভাবে আনা হয়েছে তার জানা নেই বলে জানিয়েছেন।
তিনি বলেন, “তবে মাঝ পথে ভালো চালের বদলে নি¤œমানের চাল পরিবর্তন করে খাদ্যগুদামে আনার বিষয়টা ঠিকাদারের, আমার বিষয় না।”
থানছি উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, “নি¤œমানের ভিজিডি চাল বিতরণ করবার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুনির্দিষ্ট সময়সূচিসহ বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রাম থেকে বান্দরবান খাদ্যগুদামে আনার সময় মাঝ পথে অসাধু ব্যবসায়ী ও কর্মকর্তাদের যোগসাজশে চাল বদলে ফেলা হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা মনে করেন।
