বাবার হাত ধরে আর স্কুলে যাবে না দাশিয়ারছড়ার জেনিফার
নয় বছরের জেনিফার দাশিয়ারছড়ার চন্দ্রখানা ব্র্যাক স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী। আর বাবার হাত ধরে স্কুলে যেতে পারবে না সে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) পরিবারের সবাইকে রেখে ভারত চলে গেলেন জেনিফারের বাবা জয়নাল আবেদীন (৪৫)। মা জামেলা বেওয়ার (৭৫) মমতাও আটকাতে পারেনি জয়নালকে।
সরেজমিনে জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলের বোর্ডেরহাট চেয়ারম্যানটারী গ্রামের বাসিন্দা দিনমজুর জয়নাল আবেদীন।
জয়নালে মা জামেলা,মেয়ে জেসিফার,ইয়াসমিন ও তার স্ত্রী আকলিমা।(বাম দিকে থেকে)
জয়নাল ২৩ বছর আগে বিয়ে করেন একই এলাকার আকলিমাকে (৪০)। শুধু ১৩ শতক বসতভিটায় টিনের ছাপড়া ঘর ছাড়া সম্বল বলতে কিছুই নেই। তার বাবা নছর উদ্দিন মারা গেছেন আট বছর আগে। এখন বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে সংসার।
জয়নালের বড় ছেলে আরিফুল (২০) গত ৭/৮ বছর থেকে ভারতের হারিয়ানা রাজ্যের রউতক জেলার শাপলা থানার হাসানগড় গ্রামে একটি ইট ভাটায় কাজ করেন। যৌথ গণনার সময় এসে বাংলাদেশে থাকার মতামত দিয়ে আবারও আরিফুল চলে যান তার কর্মস্থলে।
বড় মেয়ে জেসমিন আক্তারের (১৮) বিয়ে হয়েছে ৮/৯ মাস আগে। মেয়ে-জামাই বাংলাদেশ ছেড়ে যাবেন না।
মেজ মেয়ে ইয়াসমিন (১২) স্থানীয় গঙ্গারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
জয়নালের মা জামেলা ছেলের ভারত যাওয়ার কথা জানতে চাইতেই বলেন, “মোর একটা ব্যাডা; উয়াক ভারত যাবার দিব্যার নং। পারলম কই?”
ছোট্ট জেনিফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “সবাক (সবার) বাবা আছে। মোর বাবা ওপার গেল। মুই বাবাক লগে (সঙ্গে) স্কুলে যাব কেনে? ”
এরপর হুহু করে কেঁদে ফেলে জেনিফার।
জয়নাল আবেদীন
জয়নালের চাচা আবেদ আলী (৭০) বলেন, “ভাতিজাকে বোঝাতে পারলাম না। তারা দুই দেশে ভাগ হচ্ছে আমরা কষ্ট পাচ্ছি।”
চাচি সুফিয়া বেগম ও খোতেজা বেগম বলেন, “কদ্দিন একসাথে থাকলং। মাও, বউ-ছোয়াক থুইয়া জয়নালই বা থাকবে ক্যামন করি।”
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ জানান, চলতি বছরের গত ৩১ জুলাই মধ্যরাতে কুড়িগ্রামের অভ্যন্তরে ১২টিসহ বাংলাদেশ-ভারতের ৬২টি ছিটমহল বিনিময় হয়। এর আগে ৬ থেকে ১৬ জুলাই ছিটমহলগুলোতে বাংলাদেশ-ভারতের যৌথ গণনা এবং অধিবাসীদের নাগরিকত্ব বিষয়ে মতামত গ্রহণ করা হয়।
এরপর প্রথম দফায় ২২ নভেম্বর দাশিয়ারছড়ার ১০টি পরিবারের ৪৮ জন এবং ভুরুঙ্গামারীর ছয় পরিবারের ২৪ জন, ২য় দফায় ২৪ নভেম্বর দাশিয়ারছড়ার ১৯টি পরিবারের ১১৫ জন ভারতে চলে যায় বলে জানান তিনি।
