এমপি লিটনের জামিনের মেয়াদ বাড়ল
শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।
মঙ্গলবার এ সাংসদের উপস্থিতিতে জামিনের মেয়াদ মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন সুন্দরগঞ্জ আমলী আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনিরুজ্জামান শিকদার।
এর আগে একই আদালত গত ৮ নভেম্বর সংসদ অধিবেশন চলাকালীন সময় পর্যন্ত তাকে জামিন দেয়।
লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, সংসদ অধিবেশন চলার সময় পর্যন্ত জামিন দিয়েছিল আদালত। গত ২৩ নভেম্বর সংসদ অধিবেশন শেষ হওয়ায় তিনি মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন।
“শুনানি শেষে আদালত আগামী ৮ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।”
গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে নয় বছর বয়সী ওই শিশু আহত হয়। দুই পায়ে তিনটি গুলির ক্ষত নিয়ে দীর্ঘদিন তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
তার বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া গুলির ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে লিটনের লোকজনের হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার মণ্ডল নামের এক ব্যক্তি। এ মামলায় আসামি করা হয় ১০ জনকে।
সৌরভ হত্যাচেষ্টা মামলায় গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে লিটনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পরদিন গত তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে আনা হয়। ওইদিন দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালত তার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠায়।
দ্বিতীয় দফায় গত ২৫ অক্টোবর একই আদালত দুটি মামলায় (হত্যাচেষ্টা এবং বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট) জামিন আবেদন নাকচ করে।
এরপর ৪ নভেম্বর একই আদালত বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাটের মামলায় জামিন মঞ্জুর করলেও হত্যাচেষ্টা মামলায় জামিন নাকচ করে।
