২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা মঞ্জু-মনির বিরুদ্ধে পরোয়ানা

পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের মামলায় খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 07:17 PM

Updated : 22 Aug 2022, 02:00 PM

রোববার খুলনার মুখ্য মহানগর হাকিম মেজবাহ উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

সাবেক সংসদ সদস্য মঞ্জু এবং সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মনি পলাতক রয়েছেন।

আসামি পক্ষের আইনজীবী মোল্লা গোলাম মাওলা জানান, ২০১৩ সালের ২৬ নভেম্বর নগরীর পাওয়ার হাউজ মোড়ে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় সদর থানায় মামলা হয়।

এরপর মঞ্জু ও মনিসহ ৫২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এছাড়া ইজিবাইক ভাংচুর মামলায় গত ১৬ নভেম্বর মঞ্জু ও মনিসহ চারজনের বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করে  আদালত।