কালকিনিতে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা
মাদারীপুরের কালকিনি উপজেলায় ভ্যান চুরির অভিযোগে জনতা এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার গভীর রাতে উত্তর রমজানপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা।
নিহত বাচ্চু মিয়া (৪৫) ওই এলাকার মোসলেম মিয়ার ছেলে।
ওসি বলেন, রাতে বাচ্চু উত্তর রমজানপুর গ্রামের পরিতোষ কীর্তনিয়ার বাড়ি থেকে অটো ভ্যান চুরি করে পালানোর সময় গ্রামবাসী তাকে ধরে পিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয় বলে জানান ওসি কৃপাসিন্ধু।
