শাবিতে প্রযুক্তি উৎসব শুরু শুক্রবার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রযুক্তি উৎসব শুরু হচ্ছে শুক্রবার, যার অন্যতম মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ‘আইপিভিশন সিএসই কার্নিভাল ২০১৫’ শীর্ষক এ উৎসব উদ্বোধন করবেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চমবারের মত অনুষ্ঠেয় এই প্রযুক্তি উৎসবের আয়োজক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
উৎসবের বিস্তারিত www.csecarnival.com ওয়েবসাইটে পাওয়া যাবে।
সাইফুল ইসলাম জানান, মূলত চারটি ইভেন্টে এবারের উৎসব অনুষ্ঠিত হবে।
আগামী ২৮ নভেম্বর বিকালে সমাপনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান তিনি।
