পলাশবাড়ীতে মাটির নীচে ‘সরকারি’ ওষুধ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাটির নীচে পুঁতে রাখা বিভিন্ন ধরনের সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য ‘রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের’ পাশে ওষুধগুলো পাওয়া যায় বলে জানান পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান।
উদ্ধার করা ওষুধের মধ্যে রয়েছে হাইসোমাইট ট্যাবলেট, জিংক ট্যাবলেট, জিংক সিরাপ, বেনজাইল বেনজিন এসিড ও এমোক্সাসিলিন সিরাপ।
ওসি বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে পাঁচ পদের প্রায় দুই হাজার টাকা মূল্যের ওষুধ উদ্ধার করা হয়। এরমধ্যে চারটি পদের ওষুধ হলো মেয়াদোত্তীর্ণ।
“মেয়াদ উর্ত্তীণ হয়ে যাওয়ায় সরকারি এসব ওষুধ শনিবার মাটির নীচে পুঁতে রাখা হয়েছে বলে জানান রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ফৌজি আক্তার।”
এ ব্যাপারে ফৌজি আক্তারকে জিজ্ঞাসাবাদসহ সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে, কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহানা বানু জানান, তদন্তের পর এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
