তিস্তা সেচ ক্যানেলের বাঁধে ভাঙন
নীলফামারীতে তিস্তা সেচ ক্যানেলের দিনাজপুর খালের বাম তীরের বাঁধ ধ্বসে শতাধিক একর ফসলী জমি প্লাবিত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামে দিনাজপুর ক্যানেলের বাম তীর বাঁধে এ ভাঙনের সৃষ্টি হয়।
এতে ওই ক্যানেলের অন্তত ২০ ফিট ভেঙে যায়। ফাটলের ফলে ক্যানেলের পাশ্ববর্তী অন্তত শতাধীক একর জমির পাকা-কাটা আমন ধান ও রবি শস্য পানিতে প্লাবিত হয়।
ওই ক্যানেলে সংলগ্ন বাড়ি কৃষক আব্দুর রহমান বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ শো-শো আওয়াজ পায়। বাড়ি থেকে বের হয়ে দেখি ক্যানেলের বাম তীর বাঁধ ভেঙে আমার জমিসহ আসেপাশের অন্তত শতাধিক একর জমিতে স্রোত বয়ে যাচ্ছে।
‘এ সময় আমার পাঁচ বিঘা জমিতে থাকা পাকা ধান সব পানিতে তলিয়ে গেছে।’
ডসংদই গ্রামের কৃষক সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, খবর পেয়ে দ্রুত বাড়ি থেকে এসে দেখি আমার ২০ বিঘা জমির পাকা ধান পানির নিচে ঢুবে রয়েছে।
‘সেই সঙ্গে এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে পাঁচ বিঘা জতি সদ্য লাগানো আলুর ক্ষেতও শেষ।’
একই গ্রামের কৃষক রজব আলী জানান, ঘটনার পর পরই নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ফোন করা হলেও কেউ ফোন ধরেনি।
দীর্ঘদিন সংস্কার না করার কারণেই এ ভাঙনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনিসহ ক্ষতিগ্রস্থ কৃষকরা।
এ ব্যাপারে কথা বলার জন্য নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।
এদিকে রাত সাড়ে ১২টা পর্যন্ত ভাঙন এলাকায় পরির্দশন কিংবা ভাঙনরত বাঁধটি মেরামতের প্রয়োজনী ব্যবস্থা নিতে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডেও কোন কর্মকর্তা হাজির হয়নি বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকরা।
