২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের ফাঁসি: ‘ভারমুক্ত’ ফরিদপুর

শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির খবরে উল্লসিত ফরিদপুরবাসী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 02:01 AM

Updated : 12 Oct 2022, 04:31 PM

দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা।

জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মুজাহিদের বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে।

ফরিদপুরের শিক্ষাবিদ আলতাফ হোসেন বলেন, “যে মাটিতে বাংলাদেশের স্থপতির জন্ম সে মাটি কয়েকজন কুলাঙ্গারের জন্য কলঙ্কিত হয়েছিল।

“আজ মুজাহিদের ফাঁসির মাধ্যমে সেই পবিত্র মাটি কলঙ্কমুক্ত হ’ল।”

ফরিদপুর সদর উপজেলার পদ্মার চরাঞ্চলের বাকচর গ্রামের হত্যাকাণ্ড মামলার অন্যতম সাক্ষী রণজিৎ কুমার নাথ বাবু। একাত্তরে ফরিদপুর শহরের রথখোলা থেকে মুজাহিদ তাকে ধরে নিয়ে বকচরে নির্যাতন করে। সেই অসহ্য নির্যাতন বহন করে আজও বেঁচে আছেন বাবু নাথ।

তিনি বলেন, “আমার সামনে মুজাহিদের নেতৃত্বে আলবদর বাহিনী স্থানীয় রাজাকারদের সাথে নিয়ে ওই গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হত্যাযজ্ঞ চালায়।

“সেই মুজাহিদের ফাঁসি হওয়ায় আমার চেয়ে খুশি আর কে হতে পারে!”

ফরিদপুরের সাংস্কৃতিককর্মী আবুল কাশেম বলেন, “চার যুদ্ধাপরাধীকে নিয়ে আমরা ফরিদপুরবাসী বিব্রতকর অবস্থায় ছিলাম। মুজাহিদের ফাসির মধ্য দিয়ে দুই জনের রায় বাস্তবায়ন হলো।”

এই কলঙ্কমুক্তিকে জেলাবাসীর এক ধাপ অগ্রগতি বলে মনে করছেন তিনি।

ফরিদপুর সদর উপজেলা (কোতোয়ালী) আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, ‘যেই যুদ্ধাপরাধীর কারণে আমরা ফরিদপুরবাসী কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মানুষের সামনে হেয় হয়ে এসেছি, তার ফাঁসি হওয়ায় আজ বলতে পারছি, আমরা দায়মুক্ত হয়েছি।’

ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত বলেন, “মুজাহিদের মতো দেশের সব যুদ্ধাপরাধীকে এভাবেই ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেশকে রাজাকারমুক্ত করতে হবে।”

ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর বলেন, “যে মাটিতে জন্মেছে দেশের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মাটিতে মুজাহিদের মতো এক ঘৃণ্য মানবতাবিরোধী ব্যক্তি জন্মেছে ভাবতেই কষ্ট লাগে”।

ফরিদপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর খসরুজ্জামান দুলু বলেন, “জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার মধ্য দিয়েই প্রমাণিত হল দেশে আইনের শাসন বলবৎ রয়েছে।”

আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের ফাঁসি কার্যকরের পর ফরিদপুরের বিভিন্ন স্তরের মানুষ আনন্দে ফেটে পড়ে। তারা শহরের থানা মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ফরিদপুর সদর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নাজমুল ইসলাম খন্দকার লেভী, শামচুল আলম চৌধুরী, সাজ্জাদ হোসেন বরকত, আক্কাস হোসেন, শওকত আলী জাহিদ, জাহিদ ব্যাপারী, ফাহাদ বিন ওয়াজেদ ফাইন ও নিশান মাহমুদ শামিম।