ফেনী পৌর নির্বাচন: কে নৌকার প্রার্থী
দলীয়ভাবে প্রথম পৌর মেয়র নির্বাচনে দলের প্রতীক পেতে আওয়ামী লীগের কয়েকজন নেতা তৎপর হয়ে উঠেছেন। কাউন্সিলর প্রার্থী হতে ইচ্ছুকরাও মাঠে সক্রিয়।
ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ এই নির্বাচনে মেয়র প্রার্থী মনোনয়নের ক্ষমতা দলের পৌর কমিটিকে অর্পণ করেছে।
“এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা দলের সমর্থন নিশ্চিতের জন্য মাঠে নেমেছেন।”
২০০৪ সালে পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিএনপির নুরুল আবসার।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জেলায় আওয়ামী লীগের শক্ত অবস্থান তৈরি হতে শুরু করে।
২০১১ সালে বিএনপি প্রার্থীকে হারিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ফেনী পৌরসভার মেয়র নির্বাচিত হন।
২০১৪ সালের ৫ জানুয়ারি নিজাম হাজারী ফেনী-২ আসনে সাংসদ নির্বাচিত হন। তিনি মেয়র পদ ছেড়ে দিলে উপ-নির্বাচনে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলাউদ্দিন মেয়র নির্বাচিত হন। সম্প্রতি তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
ফেনী পৌরসভা আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা
মেয়র পদ ধরে রাখতে আলাউদ্দিন সাংসদ নিজাম হাজারীর সাথে যোগাযোগ রেখে চলছেন বলে কারো কারো দাবি।
দলীয় সমর্থন পেতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবীর শামীম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আবু সুফিয়ানও চেষ্টা চালাচ্ছেন।
ফেনী পৌরসভা আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা
এছাড়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলের নাম আলোচনায় এলেও তিনি ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বলেন, ‘যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সবার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। তবে দল যাকে মনোনয়ন দেবে, সবাই তার পক্ষেই কাজ করবে। ’
বিগত কয়েকটি নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবেন বলে তার বিশ্বাস।
নির্বাচন নিয়ে আওয়াম লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠলেও এ জেলার দাপুটে দল বিএনপির শিবিরে উত্তাপ নেই।
ফেনী পৌরসভার মেয়র পদে ২০১৪ সালের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল বলেন, “বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা তা এখনও নিশ্চিত না। নির্বাচনে অংশ নিলে তিনি দলের কাছে মনোনয়ন চাইবেন।”
বিগত দুটি পৌরসভা নির্বাচনকে 'প্রহসন' অভিহিত করে ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান বলেন, ‘বিগত সংসদ নির্বাচনের পর থেকে ভোটের চর্চা উঠে গেছে।’
একই রকম শঙ্কা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের। তিনি বলেন, “যদি দলে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়, তাহলে জেলা বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
নির্বাচন নিরপেক্ষ হলে মেয়র ও কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়ে আশাবাদী তিনি।
এদিকে, বিএনপির নেতাকর্মীদের অনেকে বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন। অন্যরা প্রকাশ্যে আসছেন না। এ অবস্থায় নির্বাচনে দলের পক্ষে মাঠে কাজ চালাতে হিমশিম খেতে হবে বলে মনে করছেন দলের স্থানীয় জ্যেষ্ঠ নেতারা।
ছোট ছোট দলের কোন কোন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন জানা না গেলেও ‘সচেতন নাগরিক ফোরাম’-এর ব্যানারে ভোটযুদ্ধে নামবেন বলে ঘোষণা দিয়েছেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ‘ফেনী বার্তা’ সম্পাদক মীর হোসেন মীরু।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ২৭ বর্গ কিলোমিটারের বেশি আয়তনের ফেনী পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদ ছাড়াও ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে।
