অভয়াশ্রম বাইক্কা বিলে মাছ-পাখির মিলন মেলা
অভয়াশ্রম ঘোষণার পর বৈচিত্র্যপূর্ণ জলজ উদ্ভিদ, লতাগুল্ম ও তৃণলতায় পরম সৌন্দর্যে ভরে উঠেছে মৌলভীবাজারের বাইক্কা বিল।এ যেন মাছ ও পাখির এক মিলন মেলা।
শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের পূর্ব পাশের প্রায় একশ হেক্টর আয়তনের জলাভূমিই বাইক্কা বিল। মাছের বংশবিস্তার, পাখির আবাস তৈরি ও বিলুপ্তপ্রায় জলজ উদ্ভিদ ফিরিয়ে আনতে ২০০৩ সালে এ বিলকে অভয়াশ্রম ঘোষণা করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রেল-এর (ক্লাইমেট রেজিলিয়ান্ট ইকো সিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস) রিজিওনাল কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর জানান, পাখি ও মাছসহ প্রাকৃতিক জীব বৈচিত্র্য ফিরিয়ে আনতে ২০০৩ সালে বাইক্কা বিলকে অভয়াশ্রম ঘোষণা করে সরকার।
২০০৯ থেকে ২০১১ পর্যন্ত আইপ্যাক (ইনটিগ্রেটেড প্রোটেক্টেড এরিয়া কো- ম্যানেজমেন্ট) এর পরিচালনায় এবং ২০১২ থেকে বাইক্কা বিল বন ও পরিবেশ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়, ইউএস এইডের আর্থিক সহায়তায় ও ক্রেলের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাজহারুল বলেন, “অভয়াশ্রম গড়ে তোলার পর থেকে এখানে মাছ ধরা, জলজ উদ্ভিদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। হাওরের পুরনো জৌলুস ফিরিয়ে আনতে বিল পুর্নখনন, হাওরপাড়ে হিজল-করচসহ বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি ও জলজ উদ্ভিদ রোপণ করা হয়েছে।
“বর্তমানে হাওরে মাছসহ শাপলা, পদ্ম, মাখনা ও সিংরাইসহ নানা জাতের জলজ উদ্ভিদ বেড়েছে। আর নিরাপদ পরিবেশ ফিরে পাওয়ায় অতিথি পাখি আসতে শুরু করেছে।”
বাইক্কা বিলে প্রায় ৯৮ প্রজাতির মাছ ও ১৬০ প্রজাতির পাখির আগমন ঘটে বলে তিনি জানান।
বিল রক্ষায় হাওরের লোকদের নিয়ে গড়ে উঠেছে ‘বড় গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠন।’
এ সংগঠনের সেক্রেটারি মিন্নত আলী বলেন, “এক সময় যারা হাওরের পরিবেশ ধ্বংস করছিল, আজ তারাই আবার সংঘবদ্ধ হয়ে পরম মমতায় বিল আগলে রেখেছে।”
