রাবিতে চাকরি মেলা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) আয়োজনে শনিবার শুরু হওয়া এ মেলার মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহম্মদ মিজানউদ্দিন।
এ মেলা চলবে রোববার বিকাল ৫টা পর্যন্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ড. চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা ড. ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর ড. তারিকুল হাসান প্রমুখ।
মেলায় দেশের প্রায় ২০টি কোম্পানি অংশ নিচ্ছে। মেলা চলাকালীন ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার ছাড়াও শেষ দিনে রয়েছে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
