২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা চাইলে বাড়তি নিরাপত্তা পাবেন: কাদের

তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাড়তি নিরাপত্তা চাইলে সরকার তা বিবেচনা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 04:06 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “খালেদা জিয়া দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী। তিনি যে নিরাপত্তা ডিজার্ভ করেন এর বাইরে তিনি থাকবেন না। বাড়তি নিরাপত্তা চাইলে সেটা সরকার বিবেচনা করবে।”

দুই মাসের বেশি সময় যুক্তরাজ্যে থাকার পর দেশে রওনা হয়েছেন খালেদা। শনিবার বিকালে তিনি ঢাকায় পৌঁছবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। 

এর আগে গত শুক্রবার বিএনপি মুখপাত্র আসাদুজ্জামান রিপন এক বিবৃতিতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে খালেদার নিরাপত্তা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে  তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে দল উদ্বিগ্ন বলে জানান।

গত ১৬ সেপ্টেম্বর চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যান খালেদা।

‘দেশে স্পর্শকাতর সময়’ চলছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “টেরোরিজম এখন কোন রিজিওনাল ফেনোমেনন নয়। এটা এখন গ্লোবাল ফেনোমেনন।”

চোরাগুপ্তা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়েছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

পুরনো খবর:

খালেদা ফিরলে নিরাপত্তা চায় বিএনপি