আ. লীগ নেতার বাড়ি থেকে জামায়াত নেতা গ্রেপ্তার
নাশকতার একাধিক মামলার আসামি এক জামায়াত নেতাকে জিহাদী বইসহ ধামরাইয়ে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধামরাই থানার ওসি রেজাউল হক জানান, শনিবার ভোরে ধামরাই উপজেলার দোপাশাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রফিকের বাড়ি থেকে জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লুৎফর রহমান সাভার পৌর জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
ওসি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদে ওই বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেট ও সিডি উদ্ধার করা হয়।
লুৎফরকে দুপুরে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
