মধুমতির দীর্ঘ নৌপথ হুমকিতে
গাছের ডাল ও বাঁশ ফেলে মাছ শিকারের কারণে গোপালগঞ্জে মধুমতি নদীর ৬০ কিলোমিটার এলাকায় নৌপথের নাব্যতা হ্রাস পাচ্ছে।
এতে নৌপরিবহন বিঘ্নিত হচ্ছে। এছাড়া ছোট মৎস্যজীবীরা পেশাগতভাবে ঝুঁকির মুখে পড়ছেন।
স্থানীয়রা জানান, মধুমতি নদীর ৬০ কিলোমিটার এলাকায় দুপাশে প্রভাবশালীরা গাছের ডাল ও বাঁশ ফেলে ‘কাঠা’ তৈরি করে মাছ শিকারের ব্যবস্থা করেছে।
এ ধরনের এক মাছ শিকারি হলেন মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের সমর চক্রবর্তী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাদের বাড়ির পাশ দিয়ে নদী বয়ে গেছে কাঠা দেয় তারাই।
“তাই তাদের দেখাদেখি আমিও মাছ ধরতে নদীর পাড়ে অক্টোবর মাসে গাছের ডাল ও বাঁশ দিয়ে কাঠা দিয়েছি। জানুয়ারী মাসে মাছ ধরে নেব।”
সরেজমিনে দেখা গেছে নদীর দুপাশে ১০ গজ পরপর গাছের ডাল ও বাঁশ ফেলে কাঠা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, এখান থেকে বিপুল পরিমাণ মাছ ধরা হবে। সাধারণ সৎস্যজীবীদের দিয়ে স্থানীয় প্রভাবশালীরা মাছ ধরবে। বিনিময়ে তাদের মজুরি দেওয়া হবে।
গোপালগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৎস্যজীবী ততীন্দ্র নাথ রাজবংশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীতে কাঠা দিয়ে সেখানে মাছের খাবার দেওয়া হয়। এরপর মাছ কাঠায় আসে।
“কাঠা ঘিরে মাছ ধরে দিলে কাঠার মালিক আমাদের পারিশ্রমিক হিসেবে সামন্য মাছ দেয়।”
কাঠা দেওয়ার ফলৈ তারা জাল ফেলে নদীতে মাছ পান না। তাই নদী থেকে কাঠা তুলে দেওয়ার দাবি করেন তিনি।
গোপালগঞ্জের ঠিকাদার রানা কনস্ট্রাকশনের মালিক গিয়াস উদ্দিন খান বলেন, গাছের ডাল ও বাঁশ ফেলে মধুমতি নদী দখল করে প্রভাবশালীরা মাচ শিকার করছে। এতে নদীতে চর পড়ে নাব্যতা নষ্ট হচ্ছে।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কুমরেশ চন্দ্র সরকার বলেন, নদীর পানি স্বচ্ছ থাকলে কাঠা দিলে কোনো ক্ষতি হয় না। কিন্তু ঘোলা পানিতে কাঠা দিলে পলি ও বালু জমে নদীর নাব্যতা নষ্ট হতে পারে।
বিআইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলা মো. সাঈদুর রহমান বলেন, ২০১১-১২ অর্থবছরে ১৬ লাখ টাকা ব্যয়ে মধুমতি নদীর ৬০ কিলোমিটার নৌপথ খনন করে নৌ চলাচলের নাব্যতা সৃষ্টি করা করেছে বিআইডব্লিউটিএ।
“মাছ শিকারের জন্য মধুমতি নদীতে অস্বাভাবিক হারে কাঠা দেওয়া হয়েছে। এতে নৌপথের নাব্যতা হুমকির মুখে পড়েছে।”
তিনি মনে করেন, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাঠা উচ্ছেদ করা না হলে এ নৌপথের নাব্যতা হারিয়ে যাবে। বন্ধ হয়ে যাবে নৌ চলাচল।
প্রকৌশলা সাঈদুর রহমান জানান, গোপালগঞ্জ শহর তলীর হরিদাসপুরে রয়েছে ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট। পওয়ার প্লান্টের জ্বালানি ফার্নেস অয়েল নৌপথে পরিবহনের সুবিধার্থে ২০১২ সালে বিআইডব্লিউটিএ ১৬ লাখ টাকা ব্যয়ে মধুমতি নদীর ৬০ কিলোমিটার নৌপথ খনন করে নাব্যতা সৃষ্টি করে।
এ নৌপথ দিয়েই খুলনা থেকে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি ট্যাংকারে করে গোপালগঞ্জে পাওয়ার প্লান্টে ফার্নেস অয়েল সরবরাহ করে।
জাল দিয়ে কাঠা ঘিরে ছোট বড় সব মাছ ধরা হয়। এ প্রকৃক্রিয়ায় বিভিন্ন প্রজাতির মাছ মারা পড়ে। ফলে মাছের বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়। নদীর পানিতে থাকা পলি ও বালু গাছের ডাল ও বাঁশে বাধা খেয়ে জমে চর পড়ে। ফলে নদীর নাব্যতা নষ্ট হয়।
১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে নদীতে কোনো প্রকার ডাল বা বাঁশ দিয়ে কাঠা দেওয়া নিষিদ্ধ।
মৎস্য সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে কাঠা উচ্ছেদের বিধান রয়েছে।
গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামীম হায়দার বলেন, নদী ও মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য অধিদপ্তর ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে। নদীর অবৈধ কাঠা উচ্ছেদে কাশিয়ানী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত গঠন করে কাজ শুরু করা হয়েছে।
পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় এটা করা হবে বলে জানান তিনি।
