রংপুর নগর বিএনপি সভাপতি ‘নিখোঁজ’
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রংপুর মহানগর বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন স্বজনরা।
পরিবারের অভিযোগ, র্যাব পরিচয়ে সাদা পোশাকের লোকজন বৃহস্পতিবার গভীর রাতে নগরীর শালবন এলাকার বাড়ি থেকে মোজাফফরকে নিয়ে যায়।
এরপর থেকে তার সন্ধান মিলছে না। শুক্রবার সারাদিন পুলিশ ও র্যাব কার্যালয়সহ নানা স্থানে খুঁজে তার সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনরা।
তবে র্যাব ও পুলিশের পক্ষ থেকে তাকে আটকের কথা অস্বীকার করা হয়েছে।
মোজাফফরের স্ত্রী সুফিয়া হোসেন শুক্রবার বিকালে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৪টায় মোজাফফরের ভাতিজা রুবায়েত হোসেন মোবাইল ফোনে মোজাফফরকে বাড়ির দরজা খুলতে বলেন।
“মোজাফফর আমাকে নিয়ে দরজা খুলে দিতেই ১৪-১৫ জন সাদা পোশাকধারী লোক তার হাত চেপে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
“আমি তাদের পরিচয় জানতে চাইলে তারা র্যাবের লোক বলে পরিচয় দেয় এবং তাকে র্যাব অফিসে নিয়ে যাওয়ার কথা বলে অদূরে দাঁড়িয়ে থাকা সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।”
যাওয়ার সময় পরিবারের লোকদের সকালে র্যাব অফিসে যেতে বলে তারা, বলেন সুফিয়া।
সুফিয়া বলেন, শুক্রবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি র্যাব অফিসে যান। সেখানে তার সন্ধান জানতে চাইলে একজন র্যাব সদস্য সেখানে মোজাফফর আছেন বলে জানান।
“কিন্তু কিছুক্ষণ পর অন্য একজন র্যাব সদস্য এসে জানান মোজাফফর নামে সেখানে কেউ নেই।”
সেখান থেকে তারা কোতোয়ালি থানায় গিয়ে খোঁজ করেও মোজাফফরের সন্ধান পাননি বলে জানান সুফিয়া।
সুফিয়া বলেন, “আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন ধরে রাজনীতি করেন। তিনি নির্দোষ। আমরা তার সন্ধান চাই।”
মোজাফফরের ভাতিজা ব্যবসায়ী রুবায়েত হোসেন বলেন, “রাত আনুমানিক ৪টা হবে। ওই সময় আমাদের বাড়ির দরজায় ধাক্কাধাক্কির শব্দ পেয়ে দরজা খুলি। দেখি সাদা পোশাকে ১৪-১৫ লোক। তারা আমাকে আমার মোবাইল দিয়ে মোজাফফর চাচাকে বাড়ির দরজা খুলে দিতে বলেন।
“আমি মোবাইলে চাচাকে দরজা খুলতে বলি।”
কিছুক্ষণ পর তার চাচা ও চাচি দরজা খুলে দিতেই সাদা পোশাকধারীরা তাকে ধরে নিয়ে যায় বলে জানান রুবায়েত।
এ ব্যাপারে র্যাব-১৩ রংপুরের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলী বলেন, “মোজাফফর নামে বিএনপির কোনো নেতাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। কারা গ্রেপ্তার করেছে সেটাও আমাদের জানা নেই।”
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “বিএনপি নেতা মোজাফফরকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। কারা গ্রেপ্তার করেছে তা জানি না।”
তবে মোজাফফরের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানান ওসি জিলানী।
এদিকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি গোপন রাখা হয়েছে অভিযোগ তুলে তার সন্ধান দাবি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।
