২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা সীমান্তে ৪ বিদেশি আটক

কুমিল্লা সদরের বিবির বাজার সীমান্ত থেকে অফ্রিকার বিভিন্ন দেশের চার নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে বিজিবি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 03:31 PM

Updated : 22 Aug 2022, 01:59 PM

তারা হলেন কিংডম অব লেসিথোর আবদু নাসারা (৩৭), গিনির কামারা হামদু ওরফে হামিদ সামারা (৪০), ক্যামেরুনের এ মিরা গোফনা জুসাং (৩৩) এবং কঙ্গোর ও কে থমাস (৩৯)। এদের মধ্যে একজন নারী রয়েছেন।

বিজিবি ও পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করা হয়। শুক্রবার তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।

বিকালে আদালতে হাজির করলে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

১০ বিজিবির লে. কর্নেল মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টা ৪০ মিনিটে বিবির বাজার বিওপির গোলাবাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক নারীসহ এ চারজনকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

জিজ্ঞাসাবাদের পর শুক্রবার দুপুরে কোতায়ালি মডেল থানায় তাদের সোপর্দ করে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

“আটকদের কাছে অবৈধ কোনো কিছু পাওয়া যায়নি। তবে তাদের কাছে থাকা পাসপোর্টে ভারতের মেয়াদ উত্তীর্ণ ভিসা লাগানো ছিল।”

কোতোয়ালি থানার ওসি আব্দুর রব জানান, দুপুরে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা করে ওই চার বিদেশিকে পুলিশে হস্তান্তর করেছে।