নেত্রকোণার পৌর মেয়র মারা গেছেন
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার মেয়র আব্দুল হক ভূইয়া বেশ কিছুদিন ক্যান্সারে ভুগে মারা গেছেন।
মেয়রের ছোট ভাই এনামুল হক ভূইয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬২ বছর।
বিকালে কেন্দুয়া জয়হরিস্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে তার স্বজনরা জানিয়েছেন।
এনামুল জানান, তার ভাই বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হক ভূইয়া দুইবার কেন্দুয়া পৌরসভার মেয়র এবং একবার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
আব্দুল হকের মৃত্যুতে জেলা ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
