ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ডাকাতের হামলায় এক ব্যবসায়ী নিহত হবার খবর দিয়েছে পুলিশ।
নিহত ছোটন সাহা (৪০) মাঝিয়ারা গ্রামের নিখিল সাহার ছেলে। তিনি মাঝিয়ারা বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন।
নবীনগর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোররাতে একদল সশস্ত্র ডাকাত ছোটনের বাড়িতে হানা দেয়।
“ডাকাতেরা ছোটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তার স্ত্রীকে বেঁধে রেখে স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে যায়।”
তবে কী পরিমাণ স্বর্ণালংকার ও টাকা-পয়সা ডাকাতি হয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ।
ছোটনের শোকসন্তপ্ত পরিবার এ ব্যাপারে এখনও তেমন কিছু জানাতে পারছে না।
লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হবে বলে জানিয়েছেন ওসি ইমতিয়াজ।
